সরাইলে যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেই নির্জন স্থান থেকে গত বুধবার ফের অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এ বছর একই স্থান থেকে এক তরুণী ও দুই অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রাম থেকে রামপুরা সেতু পর্যন্ত এলাকাটি খুবই নির্জন। এ এলাকাটিকে লাশ ফেলে রাখার জন্য নিরাপদ স্থান হিসেবে বেচে নিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা শেষে লাশগুলো এখানে ফেলে রাখে দুর্বৃত্তরা। প্রত্যেক লাশের শরীরেই থাকে আঘাতের চিহ্ন। গত বুধবার বিকেলে উপজেলার বৈশামুড়া গ্রামের বিল এলাকা থেকে ওই অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে ওই লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।এর আগে পুলিশ গত ২৭ এপ্রিল একই এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৬) ও ৩০ জানুয়ারি অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৮) লাশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। সব মামলার তদন্ত চলছে।