সরাইলে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাহমুদা বেগম (১৯) নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার শরিফপুর ইউনিয়নের শরিফপুর গ্রামের মাহমুদার স্বামীর বাড়ির একটি পুকুর পাড় থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।পুলিশ ও মাহমুদার পরিবারিক সূত্রে জানা গেছে, দুই মাস আগে আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নাওঘাট গ্রামের আবদুল কাইয়ূমের মেয়ে মাহমুদার সঙ্গে শরিফপুর গ্রামের মো. জহির মিয়ার ছেলে মিজানুর রহমানের বিয়ে হয়। বিয়ের সময় মিজানকে যৌতুক হিসেবে নগদ এক লাখ টাকা দেওয়া হয়। কিছুদিন পর বিদেশ যাওয়ার কথা বলে মিজান আরও দুই লাখ টাকা দাবি করেন। অভিযোগ উঠেছে, টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মিজান ও তাঁর পরিবারের সদস্যরা মাহমুদাকে শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে গত বুধবার রাতে তাঁরা মাহমুদাকে ছুরিকাঘাত করে হত্যা করে বসতবাড়ির পাশের পুকুরের পাড়ে লাশ ফেলে পালিয়ে যায়।গতকাল সকালে গ্রামবাসী লাশটি দেখে পুলিশে খবর দেন। দুপুর দুইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। মাহমুদার বড় ভাই মো. নাছির মিয়া বাদী হয়ে গতকাল বিকেলে মিজানকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় হত্যা মামলা করেন।ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আসামিরা সবাই পলাতক।