সরাইলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ইউএনও ও নির্বাহী হাকিম মোহাম্মদ এমরান হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন এবং সওজ বিভাগের কর্মকর্তারা বলেন, স্থানীয় কিছু লোক ১০-১২ বছর ধরে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড় এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স মোড়, উচালিয়াপাড়া মোড় ও কালীকচ্ছ বাজার এলাকার সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করেছেন। কেউ কেউ আবার অবৈধভাবে গড়ে তোলা এসব স্থাপনা কেনাবেচা করেছেন ও ভাড়া দিয়েছেন। এ বছরের এপ্রিল ও মে মাসে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। পরে ধীরে ধীরে এ জায়গাগুলো দখল হয়ে যায়। তাই এ মাসে আবার অভিযান চালানো হয়েছে।