সরাইলে শিশুপুত্রসহ মায়ের আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে শিশুপুত্রসহ এক মা আত্মহত্যা করেছেন। ধর্ষণচেষ্টার অপমান সইতে না পেরে তিনি এ পথ বেছে নেন বলে জানা গেছে।গ্রামবাসী ও পুলিশ জানায়, উপজেলার রাজামারিয়াকান্দি গ্রামের দিনমজুর লোকমান হোসেন (৩০) গতকাল ভোর চারটার দিকে কাজের জন্য সিলেটের উদ্দেশে রওনা হন। তাঁর স্ত্রী মিনু বেগম (২২) শিশুপুত্র শামীমকে নিয়ে তাঁকে বাড়ির অদূরে মহাসড়কে পৌঁছে দেন। স্বামীবে বিদায় জানানোর পর মিনু বেগম বাড়িতে ফিরলে প্রতিবেশী বখাটে যুবক হেলাল মিয়া তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মিনু বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।প্রতিবেশী ফুলতারা জানান, এ ঘটনার সঙ্গে সঙ্গে মিনু বেগম তাঁর শিশুপুত্রকে নিয়ে ঘর থেকে বের হয়ে যান। ভোর সাড়ে চারটার দিকে মিনু বেগমের লাশ মহাসড়কের ওপর পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর হেলাল গ্রামছাড়া। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম মা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, ধর্ষণচেষ্টার অপমান সইতে না পেরে মিনু বেগম তাঁর শিশুপুত্রকে নিয়ে আত্মহত্যা করেছেন।