ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ মৈত্রী পঞ্চম ‘কালীকচ্ছ সম্মিলনী’। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়সহ প্রায় ২০০ ভারতীয় অতিথি যোগ দিচ্ছেন, যাঁদের আদিনিবাস কালীকচ্ছ গ্রামে।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঐতিহ্যবাহী কালীকচ্ছ গ্রামের আদি বাসিন্দা অনেকেই বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরায় স্থায়ীভাবে বাস করছেন। তাঁদের অনেকে সে দেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁরা ও কালীকচ্ছ গ্রামের বর্তমান বাসিন্দারা মিলে ২০০৯ সালে ‘কালীকচ্ছ সম্মিলনী’ নামের একটি সংগঠন গড়ে তোলেন। ওই বছর কলকাতায় সংগঠনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ২০১০ সালে ত্রিপুরায় দ্বিতীয়, ২০১১ সালে কলীকচ্ছ গ্রামে তৃতীয় ও ২০১৫ সালে ত্রিপুরায় চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয় মাঠে। সম্মেলনের অংশ হিসেবে আলোচনা সভার পাশাপাশি রয়েছে দুই দেশের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নিতে গত বুধবার সরাইলে পৌঁছান সংগঠনের সদস্য ১৫০ জন ভারতীয় নাগরিক।
গতকাল সকালে বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কালীকচ্ছ সম্মিলনীর সভাপতি জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক ভারতীয় নাগরিক শান্তিব্রত চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সুনীল কুমার তলাপাত্র, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা। বক্তব্য দেন ত্রিপুরা হাইকোর্টের আইনজীবী শংকর কুমার দেব, ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী প্রভাত চন্দ্র সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান কালীপদ সেন, সাবেক জেলা ও দায়রা জজ নুরুন্নাহার উসমানী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশীদ প্রমুখ।
আয়োজকেরা বলেন, সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠানে যোগ দিতে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়, ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র করসহ ভারতীয় লোকসভা ও রাজ্যসভার বেশ কয়েকজন সদস্যের আজ শুক্রবার সকালে সরাইলে আসার কথা রয়েছে। তাঁদেরও আদিনিবাস সরাইলের কালীকচ্ছ গ্রামে।
কালীকচ্ছ সম্মিলনীর সভাপতি জিয়াউল হক মৃধা বলেন, বর্তমানে একবার বাংলাদেশে, পরেরবার ভারতে এর সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। এবারের সম্মেলন ভারতীয় অতিথি ও বাংলাদেশে বসবাসকারী তাঁদের স্বজনদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।