ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা দুলাল মাহমুদ আলী ও তাঁর দুই ভাইসহ ছয়জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। উপজেলা প্রকৌশল কার্যালয়ে হামলা ও এক অফিস সহকারীকে মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার মামলাটি হয়।মারধরে আহত অফিস সহকারী মো. আকরাম হোসেন এ মামলা করেন। মামলার আসামিরা হলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল (৪০), তাঁর ছোট দুই ভাই ইউপি সদস্য মো. সোহেল মিয়া (৩০) ও পান্না মিয়া (২০), মাহবুব (২৫), আমতু মিয়া (৪০) এবং আরমান আলী (৩২)।মামলার এজাহার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে দুলাল ওই কার্যালয়ে গিয়ে অফিস সহকারী আকরামের কাছে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনের জামানত তোলার কাগজপত্র চান। আকরাম একজনের কাগজ অন্যজনকে দিতে অপারগতা জানান। এতে ওই নেতা খেপে গিয়ে তাঁকে মেরে গুরুতর আহত করেন। এ সময় আকরাম তাঁর টেবিলে থাকা স্কেল দিয়ে আঘাত করলে দুলালের মাথাও সামান্য ফেটে যায়।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।