সরাইলে সংঘর্ষ আহত ৫০
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর গ্রামে গতকাল রোববার সকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে মধ্যে ইজ্জত আলী, কালাম হোসেন, আকতার হোসেন, সেন্টু মিয়া, আওলাদ হোসেন, জহির হোসেন, লোকমান হোসেন, গোলাম মিয়াকে জেলা সদর হাসপাতালে এবং আনোয়ার হোসেন ও মামুন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পানিশ্বর ইউনিয়ন পরিষদের (্ইউপি) নবনির্বাচিত সদস্য মো. ইজ্জত আলীর সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. মোবারক আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার মামলা হয়। গত শনিবার দুপুরে ইজ্জত আলীর এক সমর্থককে অপর পক্ষের লোকজন মারধর করে। এ ঘটনায় শনিবার রাতে সরাইল থানায় মামলা করা হয়। এর জেরে গতকাল সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১৫-২০টি ককটেলের বিস্ফোরণ ঘটনো হয়।প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের ১৬টি শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।