সরাইলে সংঘর্ষ থামাতে গিয়ে প্রবাসী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ থামাতে গিয়ে জাকির হোসেন (৩৫) নামের এক প্রবাসী খুন হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল সোমবার পাকশিমুল ইউনিয়নের হরিপুর ও ষাটবাড়িয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
জাকির হরিপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আকবর আলীর ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হরিপুর গ্রামের মুক্তার হোসেনের (৩৫) সঙ্গে ষাটবাড়িয়া গ্রামের আবদুল কুদ্দুস মাস্টারের (৩৫) বিরোধ চলে আসছে। মাস খানেক আগে মুক্তার কুদ্দুসকে মারধর করেন। গত রোববার দুপুরে মুক্তারের বড় ভাই আক্তার হোসেন (৪০) ষাটবাড়িয়া গ্রামের পাশে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় ষাটবাড়িয়া গ্রামের লোকজন আক্তারকে মারধর করেন। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে উভয় গ্রামের লোকজন লাঠিসোঁটা, দা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামের মধ্যবর্তী ফসলি জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে এগিয়ে যান জাকির। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁর মাথায় বল্লম দিয়ে আঘাত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
গুরুতর আহত হরিপুর গ্রামের বাসিন্দা পাকশিমুল ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক আক্কাছ মণ্ডলকে ঢাকায় পাঠানো হয়েছে। একই গ্রামের আক্তার হোসেন, ইসমাইল মিয়া ও আলীম উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হরিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিদ্দিক মিয়া জানান, জাকির তাঁর চাচাতো ভাই। এক সপ্তাহ আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন।