সরাইলে সংঘর্ষে আহত অর্ধশত ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ ও নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। উপজেলার শাহজাদাপুর গ্রামে গতকাল রোববার এই ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, শাহজাদাপুর গ্রামে গত শনিবার বিকেলে একটি সালিস বৈঠক হয়। এতে গ্রামের প্রভাবশালী বাচ্চু ও দুলাল পক্ষ নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে। একপর্যায়ে বাচ্চু মিয়ার ছেলে জাদু মিয়া (৩০) প্রতিপক্ষ দুলাল মিয়ার ভাতিজা রিপন মিয়াকে (৩৫) জুতাপেটা করা হয়। এর জের ধরে গতকাল সকাল আটটার দিকে দুই পক্ষের লোকজন রামদা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ১২টি রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত ১৯ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সরাইল থানার এসআই বোরহান উদ্দিন ও আবদুস সামাদ এবং পুলিশ-সদস্য আল মামুন, ইমরান মিয়া, ফুরকান আলী ও হোসেন মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। সংঘর্ষের সময় গ্রামের বাসিন্দা শাহিন মিয়ার বসতঘরে আগুন দেওয়া হয়। এ ছাড়া মাসুক মিয়ার দোকানসহ ১৫টি ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
শাহিন মিয়া অভিযোগ করেন, ‘আমি বাচ্চু বা দুলাল কোনো পক্ষেরই নই। তা-ও আমার ঘরে আগুন দিছে।’
মাসুক মিয়াও দাবি করেন, তিনিও বাচ্চু বা দুলাল কোনো পক্ষই করেন না। তারপরও সংঘর্ষের সময় কে বা কারা তঁার দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এসআই বোরহান বলেন, সংঘর্ষে ৬০ জনের মতো আহত হয়। অন্তত ৫০০ লোক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। এ ব্যাপারে পুলিশ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।