সরাইলে সংঘর্ষে আহত ৫০ সড়কে যান চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে গতকাল শনিবার দোকানের পাশে মাটি ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া ও উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গুরুতর আহত কুট্টাপাড়া গ্রামের হানিফ মিয়া (৩০) ও উচালিয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনকে (৪০) ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে উপজেলা সদরের স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে শফিকুল মিয়াসহ কয়েকজন নির্মাণশ্রমিক মাটি খননের কাজ করছিলেন। এ সময় দোকানের পাশে মাটি ফেলা নিয়ে দোকানি রিফাত মিয়ার সঙ্গে শফিকুল মিয়ার বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। শফিকুল মিয়ার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামে আর রিফাত মিয়ার বাড়ি উচালিয়াপাড়া গ্রামে। শুক্রবারের ঘটনা নিষ্পত্তির জন্য সদর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বারের সভাপতিত্বে পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল সকাল ১০টার দিকে সালিস বৈঠক বসে। সালিস বৈঠকের শেষ পর্যায়ে উচালিয়াপাড়া ও কুট্টাপাড়া গ্রামের দুই যুবক বাগ্বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে সালিস বৈঠক পণ্ড হয়ে যায়। বেলা ১১টার দিকে কুট্টাপাড়া ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়েন। সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ এসে ব্যাপক লাঠিপেটা এবং ১২৭টি রাবার বুলেট ও ২৫টি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বেলা দুইটার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ‘এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উভয় গ্রামের দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।’
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জমির সীমানা নির্ধারণ নিয়ে গতকাল পৃথক সংঘর্ষে ১০ জন আহত হন।
নেত্রকোনার মোহনগঞ্জ থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ উপজেলার মানশ্রী কান্দাপড়া গ্রামের নাজিরুল ইসলামের সঙ্গে একই গ্রামের আলম মিয়ার জমির সীমানা নির্ধারণসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল ১০টার দিকে মানশ্রী কান্দাপাড়া গ্রামের সামনের সড়কে দুই পক্ষের লোকজনের মধ্যে এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আলম মিয়া (৩০), ছমেদ আলী (৭০), আলী আহম্মদ (১২), রিপন মিয়া (২২). আলী নূরসহ (২৪) অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে আলম মিয়া ও ছমেদ আলীকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’