সরাইলে সংঘর্ষে শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গাসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ফিরোজা বেগম নামের এক বছরের শিশু খুন হয়েছে। নারী, পুরুষ, শিশুসহ আহত হয়েছে অন্তত ২০ জন।গতকাল রোববার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটে। পুরুষশূন্য গ্রামে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের আলী আকবরের ছেলে জুনায়েদ মিয়া ও গেদু মিয়ার ছেলে জিল্লু মিয়ার মধ্যে বসতবাড়ির জায়গা ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে কয়েক বছর ধরে বিরোধ চলছিল।গতকাল সকালে জিল্লু মিয়া বিরোধপূর্ণ ওই জায়গায় ঘর নির্মাণ করতে গেলে জুনায়েদের লোকজন বাধা দেয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জিল্লু মিয়ার লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে ঢোকে দা ও বল্লম নিয়ে আঘাত করতে থাকে। এ সময় ঘরের ভেতরে থাকা বকুল মিয়ার ঘুমন্ত শিশুকন্যা ফিরোজার পেটে দায়ের কোপ লাগে এবং বল্লম বিদ্ধ হয়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। সংঘর্ষে নারী, পুরুষ, শিশুসহ উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়েছে। বেশ কিছু ঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা গ্রেপ্তারের ভয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশ সেখানে অবস্থান করছে।