সরাইলে সংঘর্ষে ১৫০ জন আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতির ঘটনা নিয়ে গত মঙ্গলবার ও গতকাল বুধবার দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়ায় দু-একদিন পরপর ডাকাতির ঘটনা ঘটে। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সড়কের বড্ডাপাড়ায় উসমান মিয়ার করাতকলের কাছে পাঁচ-ছয়টি অটোরিকশায় ডাকাতি হয়। এ ডাকাতির জন্য বড্ডাপাড়া ও তেরকান্দা গ্রামের লোকজন পরস্পরকে দায়ী করে। এর জের ধরে মঙ্গলবার সকাল সাতটায় উভয় গ্রামের সহস্রাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত বড্ডাপাড়া গ্রামের খুরশেদ আলম (৬০) ও মঞ্জুর আলমকে (৩০) ঢাকায় পাঠানো হয়েছে।খুরশেদ আলম মারা গেছেন বলে গতকাল দুপুর ১২টার দিকে গুজব ছড়িয়ে পড়লে বড্ডাপাড়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপরদিকে বড্ডাপাড়ার লোকজন তেরকান্দা গ্রামে হামলা চালিয়ে লুটপাট করবে বলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে তেরকান্দা গ্রামে। এতে উভয় গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। বেলা আড়াইটার দিকে দুই গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সংঘর্ষে সদর ও নোয়াগাঁও ইউনিয়নের লোকজনও জড়িয়ে পড়ে। এতে শতাধিক লোক আহত হয়। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সঞ্জয় সরকারের নেতৃত্বে দুই প্লাটুন অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং রাবার বুলেট ও চারটি গুলি ছুড়ে সন্ধ্যা ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের শেষ পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। আহত ব্যক্তিদের মধ্যে গুলি ও রাবার বুলেটবিদ্ধ বড্ডাপাড়া গ্রামের সৈয়দ নাদির হোসেন, সেন্টু মিয়া, ইউনুস মিয়া ও তেরকান্দা গ্রামের আলী হোসেন, আকতার হোসেন, আবদুল হক, এরশাদ মিয়াকে জেলা সদর হাসপাতালে ও অপর ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে তেরকান্দা গ্রামের লোকজন বড্ডাপাড়া গ্রামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।