সরাইলে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে গত শুক্রবারের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, খাটিহাতা গ্রামের ক্ষতিগ্রস্ত বৃষ্টি হোটেলের মালিক মো. আইয়ুব আলী ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ ব্যক্তিকে আসামি করে গত শুক্রবার রাতে সদর থানায় একটি মামলা করেন। ওই রাতেই থানায় আরেকটি মামলা করেন একই গ্রামের সোনিয়া হোটেলের মালিক মো. আলী হোসেন মোল্লা। এ মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে।পুলিশ রাতেই কুট্টাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. জুয়েল মিয়া ও মো. রওশন মোল্লাকে গ্রেপ্তার করে। তাঁদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এদিকে গতকাল শনিবার সদর থানায় আরেকটি মামলা করেছেন কুট্টাপাড়া গ্রামের জাকির হোসেন। তিনি ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ ব্যক্তিকে আসামি করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।