সরাইলে সরকারি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক ও জনপথ বিভাগের জায়গার মাটি কেটে রূপালী ব্রিকস নামের ইটভাটায় ইট তৈরির অভিযোগ পাওয়া গেছে। সেই ইটভাটার বৈধ কোনো কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকলেও মালিকপক্ষ ক্ষমতার দাপটে ইট পুড়িয়ে যাচ্ছে।এলাকাবাসী জানান, উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামে জনবসতি এলাকায় কৃষিজমিতে এ বছর গড়ে উঠেছে রূপালী ব্রিকস নামের ইটভাটাটি। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কজন প্রভাবশালী ব্যক্তি ওই ইটভাটা চালিয়ে যাচ্ছেন। ইটভাটার অংশীদার মো. খসরু মোল্লা বলেন, ‘লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। চেষ্টা-তদবির চলছে। অচিরেই অনুমোদনের কাগজপত্র পেয়ে যাব।’ সরকারি জায়গা থেকে মাটি কাটার বিষয়ে তিনি বলেন, ‘জনৈক ব্যক্তির কাছ থেকে মাটি কিনেই আমরা তা কেটে নিচ্ছি।’সওজের জায়গা থেকে মাটি কাটা প্রসঙ্গে ধর্মতীর্থ গ্রামের কৃষক আলী হোসেন (৬৫) বলেন, ‘এইডা সরকারি জায়গা। আমরা এখানে এক সময় গরু চরাইতাম। অহন এখান তেইকা মাটি নিয়ে যাইতেছে।’ কালীকচ্ছ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে প্রায়ই প্রভাবশালীরা মাটি কেটে নিয়ে যায়। এ বিষয়ে মামলা করেও বিপাকে পড়েছি। প্রভাবশালী লোকেরা উল্টো অভিযোগ করে হয়রানি করছে।’এ ব্যাপারে কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তকদীর হোসেন বলেন, ‘ওই ইটভাটার অনিয়ম সম্পর্কে অনেক কথা আমি শুনেছি। এর বিরুদ্ধে এলাকাবাসী এগিয়ে এলে আমি তাদের সহায়তা করব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম বলেন, ‘রূপালী ব্রিকস নামের ইটভাটাটি সম্পূর্ণ অবৈধ। ওদের হাত অনেক লম্বা। ওই অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’