সরাইলে সাংবাদিকসহ নয়জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় জাতীয় দৈনিকের স্থানীয় দুই প্রতিনিধি, তিন কলেজছাত্র ও চারজন ব্যবসায়ীকে আসামি করে মামলা হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে গত মঙ্গলবার রাতে নাসিরনগরের মনির খাঁ ওরফে মইন্যা ডাকাতের বাবা গোলাপ খাঁ ওই মামলা করেন।
এজাহারে গোলাপ জানান, তাঁর ছেলে মনির বিপথগামী ছিলেন। তাঁর ছেলেকে অপরাধজগৎ থেকে দূরে সরাতে তিনি ব্যর্থ হন। পরে এক দারোগার পরামর্শে মনির ভালো হয়ে যান। কিন্তু দৈনিক মানবজমিন-এর সাংবাদিক মাহবুব খান ও দৈনিক খবব-এর মো. মাসুদ বিভিন্ন অপরাধের মদদদাতা। তাঁরা মনিরকে অপরাধে লিপ্ত থাকার জন্য চাপ প্রয়োগ করছিলেন ও হুমকি দিচ্ছিলেন। তাঁদের স্বার্থে আঘাত আসায় গত সোমবার উচালিয়াপাড়া মোড়ে মাহবুবের হুকুমে মনিরকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ সময় তাঁরা মনিরের কাছে থাকা এক হাজার ৮০০ টাকাও ছিনিয়ে নেন।
এলাকার কয়েকজন বাসিন্দার ভাষ্যমতে, গত শনিবার দৈনিক মানবজমিন-এ সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সোমবার ওই দারোগার পক্ষে অপরাধীরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে মানববন্ধন করে। মানববন্ধনে নেতৃত্ব দেন মইন্যা ডাকাত। এতে এলাকার চিহ্নিত কয়েকজন অপরাধীও অংশ নেয়। একপর্যায়ে এলাকার ছাত্র-যুবক ও ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে মানববন্ধনে অংশ নিতে আসা অপরাধীদের ধাওয়া করেন। পরে অপরাধীরা পালিয়ে যান।
এলাকার লোকজন আরও জানান, স্থানীয় বিভিন্ন দৈনিকে অপরাধীদের দিয়ে পুলিশের মানববন্ধন করানোর খবর প্রকাশিত হলে মঙ্গলবার রাতে মামলাটি করা হয়। মামলায় দুজন সাংবাদিক ছাড়াও উচালিয়াপাড়ার গ্রামের কলেজছাত্র জুয়েল মিয়া, আনিছ মিয়া, সাইফুল, জুয়েলের বড় ভাই ব্যবসায়ী হেলাল মিয়া, সজল মিয়া, মাসুম মিয়া ও রাফাত মিয়াকে আসামি করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।