সরাইলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় (সরাইল-আশুগঞ্জ) সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি মো. জিয়াউল হক মৃধা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কালীকচ্ছ বাজারের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে জিয়াউল হক মৃধা বলেন, ‘ইউপি নির্বাচনের প্রথম ধাপে আমার নির্বাচনী এলাকার আশুগঞ্জ উপজেলার সাতটি ইউপির নির্বাচনের যে সংবাদ আমার কাছে পৌঁছেছে তাতে ওই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, তা বলা যাবে না। তাই সরকারের কাছে আমি দাবি করছি সরাইলের নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি রহমত হোসেন, উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব হুমায়ুন কবির প্রমুখ। সাংসদ বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয় তবে আমার দলের প্রার্থীরা পরাজিত হলেও আমি তা মেনে নেব।’ তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের ক্ষতি হবে না, বরং ভালো হবে। কেননা, পরবর্তী সময়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও সব দল তাতে অংশ নেবে। এতে গণতন্ত্র সুসংহত হবে।
সংবাদ সম্মেলন শেষে জিয়াউল হক মৃধা উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে আটটির জাতীয় পার্টির প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন। তাঁরা হলেন মোশাররফ হোসেন ভূঁইয়া (অরুয়াইল), আবদুল্লাহ ভূঁইয়া (পাকশিমুল), জাহাঙ্গীর আলম (চুন্টা), শরাফত আলী (কালীকচ্ছ), সাকিব আহম্মদ (পানিশ্বর), রহমত হোসেন (সরাইল সদর), আলী নেওয়াজ (নোয়াগাঁও) ও সিরাজুল ইসলাম খাদেম (শাহজাদাপুর)।
আগামী ২৩ এপ্রিল সরাইল উপজেলার নয়টি ইউপির নির্বাচন হবে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য যা করণীয় আছে আমরা তাই করব।’