ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল বুধবার স্ত্রীর করা মামলায় স্বামী আর স্বামীর মামলায় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই তাঁদের দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।নারী নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় উপজেলার অরুয়াইল গ্রামের বাসিন্দা আবু তালেবকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং অরুয়াইল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি ও অরুয়াইল বাজার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, উপজেলার পাকলিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের মিজানুর রহমানের মেয়ে শেলেনা বেগমের (৩০) সঙ্গে গত বছরের ২৭ ফেব্রুয়ারি আবু তালেবের বিয়ে হয়। বিয়ের পর থেকে আবু তালেব স্ত্রীকে নিজ বাড়িতে না নিয়ে শ্বশুরবাড়িতে রাখেন। বিয়ের তিন মাস পর শেলেনা স্বামীর বাড়িতে যাওয়ার জন্য চাপ দিলে আবু তালেব যোগাযোগ বন্ধ করে দেন। তিনি চলতি বছরের ২৮ জুন স্বামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর আবু তালেব গা ঢাকা দেন। গতকাল দুপুরে তিনি উপজেলা সদরে এলে শেলেনা লোকজন নিয়ে তাঁকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।আবু তালেব স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘শেলেনা আমার স্ত্রী নয়, আমি ষড়যন্ত্রের শিকার।’তবে শেলেনা থানায় তাঁদের বিয়ের কাগজপত্র জমা দিয়েছেন।পুলিশ আবু তালেবকে গ্রেপ্তারের কিছুক্ষণ পর হয়রানির অভিযোগে আবু তালেবের করা মামলায় শেলেনাকেও গ্রেপ্তার করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।