সরাইলে স্মরণসভায় ইকবাল আজাদের খুনিদের শাস্তিরদাবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। স্থানীয় শহীদ মিনার চত্বরে গতকাল শনিবার বিকেলে সঞ্চরণসভায় বক্তারা এই দাবি করেন।
সরাইল থানা সমিতি, ঢাকার উদ্যোগে ইকবাল আজাদের স্মরণে এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি খলিলুর রহমান। ইকবাল আজাদ সরাইল থানা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন সঞ্চরণসভায় যোগ দেন। সভা শেষে তাঁরা ইকবাল আজাদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ করেন।
গত বছরের ২১ অক্টোবর সন্ধ্যায় ইকবাল আজাদ থানা ভবনের কাছে খুন হন। পরদিন তাঁর ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফেজুল আসাদসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। বর্তমানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ নেতা-কর্মী জেলহাজতে রয়েছেন।