সরাইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২, আহত ৪
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠের সামনে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও বেপরোয়াগতির পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা অটোরিকশাটি কুট্টাপাড়া খেলার মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী মো. হানিফ মিয়া (৩৫) ঘটনাস্থলেই মারা যান। আহত যাত্রী সামসুন্নাহার (৪৫), তাঁর মেয়ে এসএসসি পরীক্ষার্থী তাসলিমা বেগম (১৬), ছেলে সজীব মিয়া (১০) ও অটোরিকশার চালক মো. সাদেক মিয়াকে (২০) উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসলিমা বেগমকে মৃত ঘোষণা করেন। তাসলিমা এ বছর উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাসলিমা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের শিক্ষক হারুনুর রশীদের মেয়ে।