সরাইলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের দুধ মিয়া (৬০), তাঁর ছোট ভাই খোরশেদ মিয়ার স্ত্রী রাফিয়া বেগম (৪৫) ও ভাতিজা রুমান মিয়া (৩০)। হতাহত ব্যক্তিদের মধ্যে ১৪ জন পরস্পরের স্বজন।
আহত ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালক দুলাল মিয়া (৩৫), তাঁর সহযোগী সালমান মিয়া (২০), রাফিয়া বেগমের ছেলে জুবাইর মিয়া (২৫) ও দুধ মিয়ার চাচা কাইয়ুম মিয়ার (৭০) অবস্থা গুরুতর। তাঁদের ঢাকায় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে দুধ মিয়া, তাঁর ভাই ও চাচাদের পরিবারের ১৪ জন সদস্য মাইক্রোবাসযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে বেড়তলা এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুধ মিয়া ও রুমান মিয়া ঘটনাস্থলেই মারা যান। ঢাকায় নেওয়ার পথে রাফিয়া বেগম মারা যান। দুধ মিয়ার মেয়ে সাজেদা বেগম বলেন, তাঁর ছোট দুই ভাই গতকাল ভোরে কুয়েত থেকে দেশে ফেরেন। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে নিয়ে আসতে যাচ্ছিলেন স্বজনেরা।