সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন পাঁচজন। আজ বৃহস্পতিবার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের সরাইল উপজেলার ধরন্তী এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সরাইল বিশ্বরোড মোড় থেকে হবিগঞ্জের লাখাইগামী সিএনজিচালিত একটি অটোরিকশা ধরন্তী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ইটভাটার মাটিবোঝাই একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী জোনায়েদ মিয়া (৫৫) তাঁর মেয়ে শাপলা আক্তার (৯), সাজু মিয়া (৫৫), শের আলী মিয়া (৩৫) ও অটোরিকশার চালক আবদুল আজিজ (৩২) গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জোনায়েদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের মধ্যে শের আলী মিয়া ও আবদুল আজিজকে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জোনায়েদ মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকুড়ি গ্রামের লাল মিয়ার ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টর জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।