সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গত রোববার ও গতকাল সোমবার ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার আলীনগর এলাকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় শিশু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ আহত হন। তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাঁর বাড়ি বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামে।এর আগে গত রোববার দুপুর ১২টার দিকে শাহবাজপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে সিলেটগামী সুরমা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মো. ইয়াছিন মিয়া (৬০) ঘটনাস্থলেই মারা যান। মো. শরিফ মিয়া (৩০) ও মো. শাহ আলম (৪০) নামের দুই যাত্রীকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে ওই দিনই শাহ আলম মারা যান। এ ছাড়া গুরুতর অবস্থায় অটোরিকশার চালক মো. শাহীন মিয়া (২৮) এবং যাত্রী মো. নান্নু মিয়া (৪৫) ও সৈয়দ আলীকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আলী ও গতকাল ভোরে নান্নু মিয়া মারা যান। শাহীন মিয়া এখনো অচেতন বলে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন। নিহত চারজনেরই বাড়ি বিজয়নগর উপজেলার হোসেনপুর গ্রামে।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার বলেছেন, এই দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে।