সরাইলে সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার রাজামারিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের শফিকুল ইসলাম চৌধুরীর স্ত্রী নাসরিন বেগম (৩৫), তাঁর ছেলে রিয়েল চৌধুরী (১২) ও সরাইল উপজেলার জাদবপুর গ্রামের জাহের মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৪)। এ ঘটনায় শফিকুল ইসলাম আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়াকান্দি এলাকায় যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে এর যাত্রী নাসরিন বেগম ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় লোকজন দুর্ঘটনায় আহত নাসরিন বেগমের ছেলে রিয়েল চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী ও অটোরিকশার চালক সাদ্দাম হোসেনকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়েল চৌধুরীকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাদ্দাম হোসেন মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম কসবা সৈয়দাবাদ কলেজের প্রভাষক। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকার বাসা থেকে পয়লা বৈশাখের ছুটিতে স্ত্রী-সন্তানসহ গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। বর্তমানে তিনি জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।