ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ও একাধিক হত্যা মামলার আসামি মনির উদ্দিন আহমেদ গ্রেপ্তার হয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশ সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরের ছোট ভাই ব্যবসায়ী আনিছ উদ্দিন ঠাকুর হত্যাসহ দুটি হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।সরাইল থানার পুলিশ জানায়, চলতি বছরের ১১ জুন অনুষ্ঠিত সরাইল সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনির প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি নির্বাচনে পরাজিত হন। ঠাকুরবাড়ির লোকজন তাঁকে ভোট দেয়নি—এ অভিযোগ এনে পরদিন ১২ জুন সকাল ১০টার দিকে প্রতিবেশী রফিক উদ্দিন ঠাকুরের বাড়িতে তাঁর লোকজন হামলা চালায়। এ হামলায় বল্লমের আঘাতে আনিছ উদ্দিন ঠাকুর নিহত হন।ওই দিন রাতে এ ঘটনায় আনিছের ভাই রফিক উদ্দিন ঠাকুর মনিরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ এনে সরাইল থানায় হত্যা মামলা করেন। গা ঢাকা দেন অভিযুক্ত মনির। প্রথমে মামলাটি সরাইল থানার পুলিশ তদন্ত করলেও পরে এ মামলা জেলা গোয়েন্দা পুলিশের (অপরাধ তদন্ত বিভাগ) কাছে হস্তান্তর করা হয়।