সরাইলে হামলায় এক পরিবারের চারজন আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের হামলায় মা, শিশু সন্তানসহ একই পরিবারের চারজন আহত হয়েছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
পুলিশ, স্থানীয় লোকজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে শুক্রবার বিকেলে দেওড়া গ্রামের সোহেল মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী দা ও লাঠিসোঁটা নিয়ে একই গ্রামের অটোরিকশাচালক মিজানের বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে মিজানকে দা দিয়ে কোপায়। এ সময় চিৎকার শুনে তাঁর মা হুসনারা বেগম, স্ত্রী আরফুজা বেগম ও প্রথম শ্রেণির ছাত্র রাব্বি মিয়া এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও কোপায়।
পরে স্বজনেরা আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। মিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই মিজানের বড় ভাই জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে সোহেলসহ ১৮ জনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা করেছেন।