সরাইলে ১০ টাকায় চাল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। সদ্যঘোষিত পল্লি রেশনিং কার্যক্রমের আওতায় আজ শুক্রবার উপজেলার সদর ও কালীকচ্ছ ইউনিয়নের হতদরিদ্র মানুষের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। 

আজ শুক্রবার দুপুরে কালীকচ্ছ বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নের মোট ৮ হাজার ৩২০টি হতদরিদ্র পরিবার বছরের পাঁচ মাস এই সুবিধা পাবে। ওই পাঁচ মাসে তারা ১০ টাকা কেজি দরে প্রতি মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. শাখাওয়াৎ হোসেন, কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান শরাফৎ আলী, সরাইল সদর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন করীর প্রমুখ।

উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারীতে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব এই কর্মসূচি উদ্বোধন করেন। পল্লি রেশনিং কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। সারা দেশের ৫০ লাখ পরিবার এ সুবিধা পাবে। বছরের যে সময়ে খেতখামারে কাজ থাকে না, তখন পল্লি রেশনিং কার্ডধারীরা বছরে পাঁচ মাস এ খাদ্যসহায়তা পাবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল—এই পাঁচ মাস খাদ্যবান্ধব এই কর্মসূচি চালু থাকবে।