সরাইলে ১৪ মাসেও শেষ হয়নি ডাকঘরের সংস্কারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রধান ডাকঘরের সংস্কারকাজ ১৪ মাসেও শেষ হয়নি। এ কাজের জন্য সময় নির্ধারিত ছিল পাঁচ মাস। ডাকঘরের কর্মকর্তা ও কর্মীদের ভাষ্য অনুযায়ী মাত্র ২০ শতাংশ কাজ করেই সংস্কারকাজ বন্ধ রাখা হয়েছে। এতে ডাকঘরের কর্মীদের যেমন কাজ করতে সমস্যা হচ্ছে, তেমনি ডাকবিষয়ক সেবা নিতে আসা লোকজন পড়ছেন দুর্ভোগে।উপজেলা ডাকঘর সূত্র জানায়, উপজেলার প্রধান ডাকঘরটি সংস্কারের জন্য কুমিল্লা শহরের দুর্গাপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উজ্জ্বল ট্রেডার্সকে গত বছরের ১০ ফেব্রুয়ারি কার্যাদেশ দেওয়া হয়। এর প্রাক্কলিত ব্যয় আট লাখ ৪৮ হাজার ৪৯ টাকা। সংস্কারকাজ শুরু করার মাস খানেক পর কাজ বন্ধ করে দেয় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী, গত বছরের ৩০ জুনের মধ্যে ওই সংস্কারকাজ শেষ করার কথা। তবে এখন পর্যন্ত মাত্র ২০ ভাগ কাজ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্ধারিত অর্থের (বিল) অর্ধেক এর মধ্যে তুলে নিয়েছে। এদিকে, জরাজীর্ণ ও অরক্ষিত ডাকঘর ভবনেই চলছে প্রতিদিনের দাপ্তরিক কাজ।গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাকঘরের ভবনটির দরজা-জানালা ভেঙে পড়ার জোগাড়। জানালাগুলোর কাচ ভাঙা। মেঝে স্যাঁতসেঁতে। রাখার মতো স্থানাভাবে আসবাব অগোছালো অবস্থায় পড়ে আছে। নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে কর্মকর্তা-কর্মচারীরা কোনোরকমে কাজ চালিয়ে যাচ্ছেন। ডাকঘরের প্রধান ভবনের পূর্ব দিকের খোলা জায়গা থেকে আসা আবর্জনার দুর্গন্ধে পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে।উপজেলা ডাক কর্মকর্তা (পোস্টমাস্টার) বাদল চন্দ্র সিংহ রায় বলেন, তিনবার চিঠি দিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কাজ হয়নি।ডাক বিভাগের পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) সহকারী প্রকৌশলী মো. জহিরুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অনিয়মের কারণে উজ্জ্বল ট্রেডার্সকে ডাক বিভাগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির জামানতের টাকাও জব্দ করা হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে চলতি অর্থবছরের মধ্যে ওই সংস্কারকাজ শেষ করা হবে।উজ্জ্বল ট্রেডার্সের স্বত্বাধিকারী উজ্জ্বল দেব বলেন, ডাক বিভাগের পুরোনো প্রকৌশলী অবসরে চলে যাওয়ার পর কাজের গতি কমে গিয়েছিল। এখন নতুন প্রকৌশলী এসেছেন। দু-এক দিনের মধ্যে কাজ শুরু হবে।সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়াৎ মুহমঞ্চদ শাহেদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।