সরাইলে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে একই সময়ে দুটি সংগঠন সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত এই নির্দেশ বলবৎ ছিল।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সাংসদ মুফতি ফজলুল হক আমিনীর কথিত গৃহবন্দিত্বের অবসানের দাবিতে গতকাল বেলা দুইটায় সদরের কুট্টাপাড়া খেলার মাঠে মহাসমাবেশের ডাক দেয় তাঁর দল। এতে তাঁর দল ও সমমনা ইসলামী দলগুলোর কেন্দ্রীয় শীর্ষ নেতাদের বক্তব্য দেওয়ার কথা ছিল। এদিকে যুদ্ধাপরাধীদের বিচারকাজ ত্বরান্বিত করার দাবিতে একই স্থানে একই সময়ে সমাবেশের ডাক দেয় ‘ওলামা পরিষদ’ নামের অপর একটি সংগঠন। এ কারণে সংঘর্ষ এড়াতে গত বুধবার রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়াৎ মুহম্মদ শাহে-দুল ইসলামের নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়।তবে মহাসমাবেশ করতে না পারায় ইসলামী ঐক্যজোট গতকাল সন্ধ্যার দিকে সরাইল বিশ্বরোড মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন জেলা ইসলামী ঐক্যজোটের সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান। ইসলামী ঐক্যজোটের ব্যানারে ডাকা মহাসমাবেশ পরিচালানা কমিটির আহ্বায়ক মাওলানা মেরাজুল হক কাশেমী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের শান্তিপূর্ণ মহাসমাবেশ করতে দেয়নি। আমরা শান্তির লক্ষ্যে সংঘাতের পথ পরিহার করে সরকারের এই আদেশ মেনে নিতে বাধ্য হয়েছি।’ তবে এ ব্যাপারে বক্তব্য নিতে ওলামা পরিষদের সভাপতি মুফতি আমীর হামজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় প্রসাশনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।ইউএনও আবু সাফায়াৎ মুহম্মদ শাহে-দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।