সরাইলে ১৪৪ ধারা ভঙ্গ, পুলিশের লাঠিপেটা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন উপলক্ষে গতকাল শুক্রবার থেকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে এবং পার্শ্ববর্তী শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া ও মোড়াহাটি গ্রামে আনন্দ মিছিল করার ব্যাপক প্রচার চালায় একটি পক্ষ। এ দলের নেতৃত্বে ছিলেন শাহবাজপুর গ্রামের আনোয়ার মিয়া ও দেওড়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আজহার হোসেন।
আনন্দ মিছিলের বিরোধিতা করে আসছিলেন শাহবাজপুর জামিয়া ইসলামিয়া (কওমি) মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবদুল কুদ্দুস।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আনন্দ মিছিল নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার বিষয়টি গতকাল দিবাগত রাত দুইটার দিকে উপজেলা প্রশাসনকে জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাত আজ ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত শাহবাজপুর ইউনিয়নে এবং শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া ও মোড়াহাটি এলাকায় ১৪৪ ধারা জারি করেন। রাত থেকে এলাকায় পুলিশ মোতায়েন ছিল।
পুলিশ জানায়, সকাল আটটার দিকে ১৪৪ ধারা ভঙ্গ করে মাওলানা আজহার হোসেনের নেতৃত্বে দেওড়া এলাকায় একটি মিছিল বের হয়। একই সময় আনোয়ার মিয়ার নেতৃত্বে শাহবাজপুর ইউনিয়নের আতকাবাজার এলাকা থেকে শতাধিক লোকের একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে শাহবাজপুর প্রথম গেট এলাকায় পৌঁছালে প্রথমে পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে দ্বিতীয় গেট এলাকায় শাহবাজপুর জামিয়া ইসলামিয়া (কওমি) মাদ্রাসার কাছে পৌঁছালে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে মিছিলকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ মিনিট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ব্যাপক লাঠিপেটা করে উভয় পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, উপজেলার দুটি ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ভোর ৫টা থেকে ১৪৪ ধারা চলছে। রাত ১২টা পর্যন্ত তা বহাল থাকবে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।