সরাইলের দেওড়া গ্রামে আবারও সংঘর্ষ, আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মিজান মিয়া ও হাবিব মিয়ার পক্ষের লোকজনের মধ্যে গতকাল শনিবার আবারও সংঘর্ষ হয়েছে। বুধবারের সংঘর্ষের জের ধরে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এবার ১৫-১৬টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।পুলিশ, গ্রামবাসী ও আহতদের সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে বুধবার হাবিব ও মিজান মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে দুই পক্ষ আবারও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। এদের মধ্যে নওয়াব মিয়া (৩২) ও দুলু মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া ইনু মিয়া (৩২), আবদুর রউফ (৩০), ফারুক মিয়া (৪৭), লুতু মিয়া (৪৫), তন্দু মিয়া (৪০) ও মিন্টু মিয়াকে (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষেরই ১৫-১৬টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।