সরাইলের সেই বাঁধটি কেটে দিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোড়ল গজারিয়া নদীর পুটিয়া ঘাটের বাঁধটি উপজেলা প্রশাসনের উদ্যোগে কেটে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে পুটিয়া ঘাটে উপস্থিত হয়ে কয়েকজন শ্রমিক দিয়ে বাঁধটি কেটে দেন।২০০৩ সালে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের পুটিয়া ঘাট এলাকায় তিতাস নদীর প্রধান শাখা মোড়ল গজারিয়া নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়। ওই সময় লোকজনের পারাপারের সুবিধার জন্য নদীর ওপর একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছিল। ২০০৮ সালে সেতু নির্মাণের কাজ শেষ হলেও উপজেলার নোয়াগাঁও গ্রামের প্রভাবশালী জজ মিয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করে বাঁধটি রেখে দেন। এর পর জজ মিয়া ওই বাঁধের পূর্ব ও পশ্চিম দিকে অস্থায়ীভাবে বাঁধ দিয়ে মাছ নিধন করে আসছিলেন। বাঁধ দেওয়ায় নদীতে পানিপ্রবাহ থেমে যায় এবং হাওর এলাকার কয়েক শ একর ফসলি জমির সেচসংকট দেখা দেয়। নিরুপায় কৃষকেরা জমিতে নিজ উদ্যোগে গভীর নলকূপের মাধ্যমে সেচের ব্যবস্থা করলেও চাহিদামাফিক পানি পাচ্ছিলেন না। এ নিয়ে গত ২২ জানুয়ারি প্রথম আলোর শেষের পাতায় ‘কারও পৌষ মাস কারও সর্বনাশ’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম প্রথম আলেকে বলেন, নদীর পানিপ্রবাহ ঠিক রাখার জন্য আপাতত বাঁধের সামান্য অংশ কেটে দেওয়া হলো। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আজও (গতকাল মঙ্গলবার) আমি এ ব্যাপারে কথা বলেছি। তিনি সম্পূর্ণ বাঁধটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।