সরানো হয়নি সব ব্যানার-পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ঝুলছিল l প্রথম আলো
বরিশালের গৌরনদী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ঝুলছিল l প্রথম আলো

নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা পার হলেও বরগুনা ও বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সব ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার সরানো হয়নি।
নির্বাচন কমিশন গত মঙ্গলবার দুপুরে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে। এ সময় কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে মনোনয়নপ্রত্যাশীদের সব ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণের জন্য নির্দেশ দেয়। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। ওই সময়সীমা গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় শেষ হয়।
বরগুনা শহরের কিছু কিছু এলাকা থেকে গতকাল দুপুরে আওয়ামী লীগের মেয়র মনোনয়নপ্রত্যাশী বর্তমান মেয়র শাহাদাত হোসেন, জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হ‌ুমায়ূন কবিরের কিছু বিলবোর্ড নামানো হয়েছে। এরপরও শহরের বিভিন্ন এলাকায় তাঁদের বহু ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড দেখা গেছে। আওয়ামী লীগের আরেক মনোনয়নপ্রত্যাশী পৌর কাউন্সিলর রইসুল আলমের পক্ষে টাঙানো কোনো ফেস্টুন ও ব্যানার গতকাল সন্ধ্যা পর্যন্ত নামানো হয়নি।
গতকাল বিকেলে এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে যাঁরা এসব অপসারণ করেননি তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গৌরনদী পৌর সদরের বাসস্ট্যান্ডে গতকাল সন্ধ্যা সাতটার দিকে গিয়ে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়ার বিলবোর্ড ও ফেস্টুন রয়েছে। এ ছাড়া সংরক্ষিত আসনের আওয়ামী লীগের বেশ কয়েকজন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর ব্যানার-ফেস্টুন দেখা যায়।

বিকেল চারটার দিকে মুঠোফোনে জানতে চাইলে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফকির বলেন, ‘আমার জানামতে কোনো বিলবোর্ড ব্যানার-ফেস্টুন এখন আর নেই। সবগুলো অপসারণ করা হয়েছে।’

 একই পদে মনোনয়নপ্রত্যাশী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া বলেন, ‘ব্যানার-ফেস্টুন ঝোলানোর ক্ষেত্রে আমার কোনো সম্পৃক্ততা নেই। হয়তো অতি উৎসাহী ভক্তরা টানিয়েছেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ কেউ অমান্য করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।