সরানো হলো কেইপিজেডের এমডি হাসানকে
আন্দোলনের মুখে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কেইপিজেড) করপোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার (অব) হাসান নাছিরকে প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে কেইপিজেড কর্তৃপক্ষ, প্রশাসন ও আন্দোলনকারী স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠক শেষে কেইপিজেডস্থ কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজের (কেএসআই) পরিচালক লে. জেনারেল (অব.) মো. শাহজাহান বলেন, ‘এমডি হাসান নাছিরকে প্রত্যাহার করেছে কেইপিজেড পরিচালনা সংস্থা। তাঁর স্থলে ব্রিগেডিয়ার (অব.) আবদুল্লাহ মো. ফিরোজ চৌধুরী নতুন এমডি হিসেবে যোগ দিয়েছেন। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হলো।’
নতুন এমডি আবদুল্লাহ মো. ফিরোজ আগে ইয়ংওয়ানের উপদেষ্টা ছিলেন। আজকের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই কেইপিজেডকে তাঁরা একটি মডেল শিল্পজোন হিসেবে গড়ে তুলতে চান।
এই সিদ্ধান্তের পর স্থানীয় লোকজনের ব্যানারে চলা আন্দোলন কর্মসূচিও প্রত্যাহার করে নেয় আনোয়ারা-কর্ণফুলী জনস্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদ। হাসান নাছিরের অপসারণসহ বিভিন্ন দাবিতে এই পরিষদ গত সোমবার থেকে কেইপিজেডের ফটকগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। অন্যতম দাবি হাসান নাছিরকে অপসারণ করায় তাঁরা আন্দোলন প্রত্যাহার করেছে বলে জানান পরিষদের সদস্য থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী।
বিকেলে কেইপিজেডস্থ ডরমেটরিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিদুল আলম, পটিয়ার নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, আনোয়ারার সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আ.লীগের ‘আন্দোলনে’ স্থবির কেইপিজেড