
দীর্ঘ দাবির মুখে সিলেটে স্থাপন করা প্রথম পদচারী-সেতু সরানোর তৎপরতা শুরু হয়েছে। প্রায় দেড় কোটি টাকা খরচ করে পদচারী-সেতু স্থাপন করা হয় নগরের কেন্দ্রস্থলের কোর্ট পয়েন্টে। এক পাশে একটি বিপণিবিতান আড়াল হওয়ায় স্থাপনকালেই একটি চক্র নানাভাবে স্থানান্তরের দাবি তুলেছিল।
এ দাবি আমলে না নিয়ে তখন পদচারী-সেতু নির্মাণ সম্পন্ন করা হয়। নগরে নতুন এ সেতু ব্যবহারে পথচারীরা অভ্যস্ত হয়ে ওঠেনি। এ অবস্থায় পদচারী-সেতুর স্থান নির্ধারণ ভুল হয়েছে উল্লেখ করে সরানোর প্রস্তাব করা হয়েছে।
৮ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে মহানগরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা সভায় পদচারী-সেতু স্থানান্তর করে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে স্থাপনের প্রস্তাব ওঠে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে প্রথম আলোকে তিনি বলেন, সভায় পদচারী-সেতু স্থানান্তরের প্রস্তাব ওঠে এবং তা পর্যবেক্ষণ করতে বলা হয়। প্রকৌশল বিভাগ বিষয়টি পর্যবেক্ষণ করছে। এরপর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কোর্ট পয়েন্ট সিলেট নগরের একটি ঐতিহাসিক স্থান। চার রাস্তার মিলনস্থল হওয়ায় রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন এখানে সভা-সমাবেশ করে। একটি সভা কিংবা সমাবেশ হলেই কোর্ট পয়েন্ট দিয়ে যান চলাচল তো দূরের কথা, পথচলাও দায় হয়ে পড়ে। যানজটে নাকাল হতে হয় নগরবাসীকে। এ অবস্থা কাটাতে দাবি ছিল পদচারী-সেতু (ফুটওভারব্রিজ) নির্মাণের। এ দাবির সঙ্গে একাত্ম হয়ে ২০০৮ সালে জাতীয় নির্বাচনের প্রাক্কালে আবুল মাল আবদুল মুহিত ঘোষণা দিয়েছিলেন পদচারী-সেতু নির্মাণের। এ ঘোষণার সাত বছরের মাথায় যখন এটি বাস্তবায়ন শুরু হয়, তখন পাশেরমধুবন সুপার মার্কেট থেকে প্ররোচিত একটি মহল স্থান নিয়ে প্রশ্ন তুলে। মধুবন সুপার মার্কেটের মালিক রাগীব আলী। তিনি সিলেটে তারাপুর চা-বাগানের জালিয়াতি মামলায় সাজা পেয়ে বর্তমানে কারাবন্দী।
পদচারী-সেতু নির্মাণসংশ্লিষ্ট সূত্র বলছে, ওই সময় স্থান নির্ধারণের বিরোধিতাকারী ব্যক্তিরা রাগীব আলীর মাধ্যমে প্রভাবিত হয়ে নানাভাবে বিরোধিতা করেছেন। শেষ পর্যন্ত কাজটি যাতে ঝুলে পড়ে, এমন চেষ্টাও হয়েছে। কিন্তু প্রকল্পটি অর্থমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হওয়ায় দ্রুত বাস্তবায়ন হয়।
‘ফুটওভারব্রিজ প্রকল্প’ বাস্তবায়নের সম্ভাব্যতা যাছাই প্রতিবেদনে উল্লেখ আছে, ব্যস্ততম এ পয়েন্টকে কেন্দ্র করে পদচারী-সেতু হলে কোর্ট পয়েন্টের পার্শ্ববর্তী সুরমা পয়েন্ট, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকা দিয়ে চলাচলকারী জনসাধারণের এই সেতু ব্যবহারের সুযোগ রয়েছে।
১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে এ পদচারী-সেতুটি নির্মাণ করা হয়। ২০১৫ সালের ২১ মে অর্থমন্ত্রী সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নির্মাণকাজ শেষে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওই বছরের ৩ সেপ্টেম্বর।
সেতুটির ছয়টি সিঁড়ি, ছয় দিক থেকেই ব্যবহার করার সুযোগ রয়েছে। কিন্তু উদ্বোধনের পর থেকে এটি তেমন ব্যবহার হতে দেখা যায়নি। তবে রাজনৈতিক সভা, সমাবেশ হলে তখন সেতু দিয়ে পারাপার বেড়ে যায়। ২২ মাসের মাথায় এটি সরানোর প্রস্তাব কার স্বার্থে? এমন প্রশ্ন উঠেছে। সরানোর প্রস্তাব পদচারী-সেতু নির্মাণকাজ শুরুর সময় সেই বিরোধিতাকারীদের মাধ্যমে প্রভাবিত কি না, এ নিয়েও প্রশ্ন উঠছে।
সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, চলতি বছরই কেন্দ্রীয় কারাগার শহরতলির বাদাঘাট এলাকায় স্থানান্তর হবে। তখন পদচারী-সেতু এলাকার বন্দরবাজারের দিক প্রশস্ত হবে। তখন পদচারী-সেতুর ব্যবহার বাড়ার সম্ভাবনা আছে। এই সম্ভাব্যতা দেখে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া যায় কি না, দেখা হচ্ছে।
এ ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি কারাবন্দী থাকায় এটির স্থান নির্ধারণ বা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। তাই এটি থাকবে কি থাকবে না, এ নিয়ে কিছু বলতে চাই না। তবে শুনেছি সরানোর প্রস্তাবে অর্থমন্ত্রীও সম্মত আছেন।’