সরালি হাঁসের মায়ায়...
টিলার চূড়ার বনে ছিল সরালি হাঁসের বাসা। ডিমে তা দেওয়া অবস্থায় একটি চিল মা সরালি হাঁসকে ছুঁ মেরে নিয়ে যায়। টিলার বাসিন্দা গৃহস্থ এ দৃশ্য দেখে চার জোড়া ডিম ওই বাসা থেকে এনে ঘরের মুরগি দিয়ে তা দেন।মুরগির উত্তাপে দুই সপ্তাহের মাথায় ডিম থেকে ফুটে জন্ম নেয় সরালি হাঁস। পরম মমতায় দেড় মাস ধরে সরালি হাঁসের ছানা প্রতিপালন করছেন গৃহস্থ মোহামঞ্চদ আলী (৩৫)।সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরীশ্বর গ্রামের একটি টিলার চূড়ায় মোহামঞ্চদ আলীর বাড়ি। তিনি জানান, প্রতিদিন সকালবেলা সরালি ছানাগুলোকে ছেড়ে দেওয়া হলে প্রথমে বাড়ির কুয়ার পানিতে বিচরণ করে বনে-জঙ্গলে যায়। সন্ধ্যার আগে আবার ফিরে আসে ঘরে। পরিত্যক্ত ডিম থেকে বাচ্চা ফোটার পর থেকে সরালির প্রতি একধরনের মায়া তৈরি হয়েছে তাঁর ও পরিবারের সদস্যদের। সরালি হাঁসের ছানা দলগতভাবে প্রতিদিন বনে যায়, আবার ফিরেও আসে। প্রাপ্তবয়স্ক হলে হয়তো স্থায়ীভাবে বনে চলে যাবে। যদি না যায়, তখন এগুলো সংরক্ষিত কোনো বনাঞ্চলে অবমুক্ত করার ইচ্ছার কথা মোহামঞ্চদ আলী প্রথম আলোকে জানান।সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে বন্য প্রাণী ও পরিবেশ সংরক্ষণে কর্মরত বেসরকারি সংস্থা সিএনআরএসের আইপ্যাক প্রকল্পের সমন্বয়কারী সমীরণ সমাদ্দার প্রথম আলোকে জানান, হাঁস প্রজাতির সরালি পরিযায়ী স্বভাবের। জলাভূমিতে এদের বিচরণ হলেও প্রজননকালে এরা জঙ্গলে বা টিলার চূড়ায় বাসা করে ডিম পাড়ে। খাদিমনগর জাতীয় উদ্যানে যেকোনো পশুপাখি অবমুক্ত করা যায়। কেউ চাইলে এ ক্ষেত্রে সহায়তা করবেন বলে তিনি জানান।