সরাসরি কৃষকের কাছ থেকে গম ক্রয়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সংগ্রহ অভিযানের সময় সরাসরি কৃষকদের কাছ থেকে গম ক্রয় করার দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মিছিল ও পথসভা করেছেন কৃষকেরা। একই সঙ্গে গম ক্রয়ে দুর্নীতি এবং রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধ করার দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার দুপুরে ওই দাবিতে পীরগঞ্জ ডাকবাংলো চত্বর থেকে মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক ও পশ্চিম চৌরাস্তা ঘুরে এসে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এক পথসভায় মিলিত হয়। এতে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি আলতাফ হোসেন, কৃষক সমিতির ঠাকুরগাঁও জেলা কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন, কৃষক সমিতির পীরগঞ্জ শাখার সদস্য আজাদ আলী প্রমুখ বক্তৃতা করেন।
পথসভা শেষে কৃষক সমিতির বেশ কয়েকজন সদস্য এবং শতাধিক গমচাষি মিছিল নিয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। তাঁরা উল্লিখিত দাবি পূরণের জন্য ইউএনওর মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গম সংগ্রহ অভিযান চলাকালে গম ক্রয়ের ক্ষেত্রে কিছু রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি আমলা নানা দুর্নীতি ও ছলচাতুরীর আশ্রয় নিয়েছেন। মাইকে প্রচার করে কৃষি কর্মকর্তা ও মাঠকর্মীদের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছে গমের স্লিপ বিতরণ করার সরকারি সিদ্ধান্ত ছিল। কিন্তু ওই সিদ্ধান্ত পাশ কাটিয়ে রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে প্রকৃত কৃষককে বঞ্চিত করে গম বিক্রি করছেন।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এবং গম সংগ্রহ কমিটির সদস্য আবুল কালাম আজাদ জানান, এবার পীরগঞ্জ উপজেলায় ৪৭ হাজার ৫৪৪ টন গম উৎপাদিত হয়েছে। সরকারিভাবে সংগ্রহ করা হচ্ছে মাত্র ৪ হাজার ৩৭২ মেট্রিক টন। তিনি আরও বলেন, ‘আমরা কৃষি কার্ডের মাধ্যমে গম সংগ্রহ করছি। মিছিলকারীদের মধ্য থেকে আগ্রহী কৃষকদের কৃষি কার্ডের ফটোকপি জমা দিতে বলেছি। কার্ড পেলেই তাঁদের গম নিয়ে নেওয়া হবে।’