সরাসরি নির্বাচনে মনোনয়ন পেতে নিজেকে গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনকে আরও শক্তিশালী করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য দলের নারীনেত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংরক্ষিত আসনে নয়, আগামী দিনে যাতে নারীদের সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া যায়, সেভাবে নিজেদের গড়ে তুলতে হবে।গতকাল শনিবার রাতে গণভবনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।পাঁচটি সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য আওয়ামী লীগের ১৭৯ জন দলের মনোনয়ন ফরম কেনেন। দলীয় সংসদীয় বোর্ডে সাক্ষাৎকার দেওয়ার জন্য তাঁদের গণভবনে ডাকা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় সংসদীয় বোর্ডের বৈঠক শুরু হয়ে তা ঘণ্টা খানেক চলার পর সব মনোনয়নপ্রত্যাশীকে একসঙ্গে ডাকা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়নপ্রত্যাশীদের নাম ধরে ডাকেন এবং সংশ্লিষ্ট প্রার্থী দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সালাম দেন। পরে প্রধানমন্ত্রী সবার উদ্দেশে বক্তৃতা দেন। সংসদীয় বোর্ড আবারও বৈঠক করে পাঁচজনের তালিকা চূড়ান্ত করবে।শেখ হাসিনা বলেন, বিএনপির নেত্রী এখন খোলামেলাভাবে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। তাদের রক্ষায় তিনি আন্দোলনে নেমেছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে বিরোধীদলীয় নেত্রী তাঁর ছেলেদের দুর্নীতি আর মানি লন্ডারিংয়ের শিক্ষা দিয়েছেন। মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পাঁচজনকে বেছে নেওয়া কঠিন। প্রত্যেকেই যথেষ্ট যোগ্য। তবে আন্দোলন-সংগ্রাম ও এক-এগারোতে ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মনোনয়ন দেওয়া হবে।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এত অধিক সংখ্যক যোগ্য প্রার্থী দলে থাকায় আমরা গর্বিত। সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমরা সমান সংখ্যক নারী-পুরুষ দেখতে চাই। এবার সরাসরি ভোটে ১৯ জন নারী নির্বাচিত হয়েছেন।’শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফরউল্যাহ ও ওবায়দুল কাদের। বৈঠকে দাপ্তরিক কাজের জন্য গণপূর্ত প্রতিমন্ত্রী ও দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান উপস্থিত ছিলেন।