সরাসরি নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের উদ্যোগ নিতে সংসদের চলমান অধিবেশনেই জাতীয় সংবিধানের ৬৫ এর ৩ অনুচ্ছেদে সংশোধনী আনতে হবে।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আয়শা খানম বলেন, শাসনতন্ত্র সংশোধন করা হলো, তবে মহিলা পরিষদের দীর্ঘদিনের এ দাবি উপেক্ষিত রয়ে গেল। বর্তমান সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল।
লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী। এতে জানানো হয়েছে, মহিলা পরিষদ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করে সব সাংসদের মধ্যে বিলি করে এবং এ-বিষয়ক একটি বিল সংসদে উত্থাপনের জন্য অনুরোধ জানায়। নির্বাচন কমিশনারের কাছে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের দাবি জানায়। গত বছর মহিলা পরিষদ এ দাবিসংবলিত ১৮ হাজার পোস্টকার্ড সাংসদদের কাছে পৌঁছায়। প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে স্মারকলিপিও পাঠানো হয়।