সরাসরি বরাদ্দ চান উপজেলা ভাইস চেয়ারম্যানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি নিজেদের নামে জেলা পরিষদের বরাদ্দ দাবি করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানরা। পাশাপাশি একটি নির্দিষ্ট নিয়মে সরকারি বরাদ্দ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে ভাগ করে দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরে। সংবাদ সম্মেলনে মোট ১১টি দাবি তুলে ধরে এসব বাস্তবায়নের দাবি জানানো হয়। এসব দাবিতে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হবে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর ইসলাম। তাঁদের অন্য দাবিগুলোর মধ্যে আছে পরিষদের কাজকর্মের সব ফাইল ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে পৌঁছাতে হবে, সরাসরি জেলা পরিষদের বরাদ্দ দিতে হবে, যাবতীয় অনুলিপি সরাসরি তাঁদের কাছে পাঠাতে হবে, জানমাল ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে, একজন করে সহকারী নিয়োগ দিতে হবে, প্রত্যেকের জন্য আলাদাভাবে অফিস সহায়ক দিতে হবে, অফিসে টেলিফোন সংযোগের সঙ্গে বিল পরিশোধের ব্যবস্থা করতে হবে, অন্যান্য জনপ্রতিনিধির মতো সম্মানী ভাতা বাড়ানোর পাশাপাশি টিএ-ডিএ বাড়াতে হবে এবং বাসাভাড়া ও গাড়ির বরাদ্দ দিতে হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মতিউর রহমানসহ বিভিন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।