সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে ঘরে গিয়ে (ডোর টু ডোর) সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল সোমবার বিকেলে নগরের গোসাইলডাঙার বারিক মিঞা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি দুজন নারীর হাতে একটি করে বিন (ময়লা সংগ্রহের পাত্র) তুলে দেন।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, প্রথমে সাতটি ওয়ার্ডে ১ লাখ ৯৫ হাজার বিন বিতরণ করা হবে। এসব বিন বিতরণে সাত দিন সময় লাগতে পারে। এরপর পাঁচ শ ভ্যানের সাহায্যে এসব ওয়ার্ডে সরাসরি বর্জ্য সংগ্রহ করবেন শ্রমিকেরা।
অনুষ্ঠানে নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামকে শতভাগ পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও বাজার থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করা হবে। সবার ঘরে ঘরে বিন সরবরাহ শেষ হওয়ার পর সেবকেরা সরাসরি ময়লা-আবর্জনা সংগ্রহ করবেন। এ উদ্যোগ সফল হলে যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকবে না, দূষণও হবে না। মেয়র বলেন, চলতি বছরের মধ্যেই নগরের ৪১টি ওয়ার্ডে এই কার্যক্রম চালু করা হবে।
অনুষ্ঠানে বর্জ্য সংগ্রহ ও অপসারণের জন্য সিটি করপোরেশনকে একটি পিকআপ ভ্যান উপহার দেন গোসাইলডাঙা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক। নগরের পশ্চিম ষোলশহর, শুলকবহর, বাগমনিরাম, এনায়েত বাজার, উত্তর পাঠানটুলী, আলকরণ ও গোসাইলডাঙা ওয়ার্ডে এই কর্মসূচি শুরু হয়েছে।
মেয়র বলেন, ‘আমি ও আমার পরিষদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। কাজ করার জন্য পাঁচ বছর কম সময় নয়। এর মধ্যেই নগরবাসীর সব অধিকার বাস্তবায়ন করব। এরপর বলব না, উন্নয়নের জন্য পাঁচ বছর যথেষ্ট সময় নয়, আরেকবার সুযোগ দিন।’
অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ, কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক। উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, ছালেহ আহমেদ চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী, হাসান মুরাদ প্রমুখ।