সরাসরি বর্জ্য সংগ্রহের সিদ্ধান্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে (ডোর টু ডোর) সরাসরি বর্জ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে ছয়টি ওয়ার্ডকে নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হবে।

আজ মঙ্গলবার আন্দরকিল্লার নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত করপোরেশনের অষ্টম সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে নগরের পশ্চিম ষোলশহর, শুলকবহর, এনায়েত বাজার, উত্তর পাঠানটুলী, আলকরণ ও গোসাইলডাঙা ওয়ার্ডের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করা হবে। এসব ওয়ার্ডে মোট এক লাখ ৩৩ হাজার ৬৯৫টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এখান থেকে বর্জ্য সংগ্রহ করার জন্য ৩৮৪টি ভ্যান ও ৭৬৮ জন শ্রমিকের প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে ভ্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
কাউন্সিলর শৈবাল দাশ জানান, মার্চের শেষ সপ্তাহ কিংবা এপ্রিলের প্রথম সপ্তাহে থেকে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে নগরের বাকি ৩৫টি ওয়ার্ডকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।
এ দিকে সভায় নগরের পাথরঘাটা মহিলা মহাবিদ্যালয় ও চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ প্রথম আলোকে জানান, এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান দুটি সিটি করপোরেশনের পরিচালনায় পরিচালিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে করপোরেশন এই সিদ্ধান্ত নেয়।