সরাসরি বাস চলাচলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-বগুড়া বাস মালিক সমিতির দ্বন্দ্বে জয়পুরহাট-ক্ষেতলাল হয়ে সরাসরি বগুড়ায় বাস চলাচল না করায় সংশ্লিষ্ট অঞ্চলের বিক্ষুব্ধ মানুষ মানববন্ধন ও সমাবেশ করেছে। সমাবেশে আগামী তিন মাসের মধ্যে ওই সড়কে বাস চালু না হলে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেওয়া হয়।
কালাই উপজেলার মোলামগাড়ি বাজারে গতকাল শনিবার বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুস সোবহান প্রমুখ।
বক্তারা বলেন, দুই জেলার মালিকদের দ্বন্দ্বের কারণেই বাস চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে জয়পুরহাট থেকে মোলামগাড়ি এবং মোলামগাড়ি থেকে বগুড়ায় ভেঙে ভেঙে বাস চলাচল করছে। তাঁদের দাবি, এতে সময় ও খরচ দুটোয় বেশি লাগছে।
জয়পুরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর রহমান বলেন, ওই রাস্তায় সরাসরি বাস চলাচল করার ব্যাপারে তাঁদের কোনো আপত্তি নেই।
এ ব্যাপারে বগুড়া জেলা বাস মালিক গ্রুপের বগুড়া বাসটার্মিনালের সম্পাদক দুলাল শাহ জানান, জয়পুরহাট বাস মালিক সমিতি বাস চালুর বিষয়ে বগুড়া বাস মালিক গ্রুপের কার্যকরী কমিটিকে চিঠি দিয়ে আলোচনার প্রস্তাব দিতে পারে। আলোচনা সাপেক্ষে সমাধানের একটা পথ বের হতে পারে।