সরাসরি ভোটযুদ্ধে ৫১ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলার বিভিন্ন ইউ​নিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কয়েকজন নারী l ছবি: প্রথম আলো
মংলার বিভিন্ন ইউ​নিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কয়েকজন নারী l ছবি: প্রথম আলো

বাগেরহাটের রামপাল ও মংলা উপজেলায় এবার সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৫১ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের গড়ে তোলা সংগঠন নারী বিকাশ কেন্দ্রের ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা সরাসরি পুরুষের সঙ্গে এই ভোটযুদ্ধে নেমেছেন।
নারী বিকাশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৯৯৮ সাল থেকে রূপান্তর খুলনার দাকোপ ও বটিয়াঘাটা এবং বাগেরহাটের মংলা ও রামপাল—এ চারটি উপজেলায় নারীদের ভাগ্য উন্নয়নে তাঁদের সদস্য করে নারী বিকাশ কেন্দ্র গড়ে তোলে। এ চারটি উপজেলার সব ইউনিয়নেই এখন নারী বিকাশ কেন্দ্র কাজ করছে। এখানকার সদস্যরা তাঁদের নিজ নিজ ভাগ্য উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংরক্ষিত পদ বাদ দিয়ে সাধারণ সদস্য পদে নারীরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। মংলা উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে ২৩ জন ও রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে ২৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মংলার সোনইলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড প্রার্থী জাহানারা, ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী স্বপ্না মজুমদার, বুড়িরডাংগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী চন্দনা রায় বলেন, ‘পুরুষতান্ত্রিক সমাজে আমাদের অধিকার আদায়ের সংগ্রাম শুরু হয় পরিবার থেকে। সে বাধা অতিক্রম করার পর আসে সমাজের বাধা। সব প্রতিকূলতা দূর করেই প্রার্থী হয়েছি। আমরা বিজয়ী হতে না পারলেও পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত রেখে যেতে চাই।’ চাঁদপাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী নাসরীন সুলতানা বলেন, ‘পুরুষ প্রার্থীরা আমাদের বলছেন, সংরক্ষিত আসনে তো তোমাদের সুযোগ আছে। সাধারণ সদস্য পদে এসেছ কেন। পরিবারের সদস্যদের ওপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।’ একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী নার্গিস বেগম বলেন, ‘আমার ছেলে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। সে কিছুতেই এটা মানতে পারছে না। আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার আর পিছে সরে আসার পথ নেই।’

চিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী কবিতা মিস্ত্রি বলেন, ‘গতবার আমি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম। সংরক্ষিত মহিলা সদস্যদের মূল্যায়ন কম। কাজের সুযোগও কম। জনসেবা করতেই সাধারণ ওয়ার্ডে এসেছি।’         

সাধারণ ওয়ার্ডে নারী প্রার্থীদের কীভাবে দেখছেন—এমন প্রশ্নের উত্তরে চাঁদপাই ১ নম্বর ওয়ার্ডের ভোটার বাগেরহাট পিসি কলেজের এমএ শেষ পর্বের ছাত্র তাহিদুজ্জামান বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া উচিত। প্রার্থী পুরুষ না নারী, সেটা বিবেচ্য বিষয় হওয়া তো উচিত না। মানুষ হিসেবে যোগ্যতর প্রার্থীকে বাছাই করা উচিত। আমি তাই করব।’ মিঠাখালী গ্রামের চিংড়ি ব্যবসায়ী লাবলু গোলদার বলেন, ‘সাধারণ ওয়ার্ডে নারীরা প্রার্থী হলে পুরুষ প্রার্থীরা তো তাঁদের গুরুত্ব দিতে চান না। আমরা এর পরিবর্তন দেখতে চাই।’

রূপান্তরের মংলা অঞ্চলের ব্যবস্থাপক অনুপ রায় বলেন, ‘নারী তার পূর্ণ অধিকার তখনই পাবে যখন সে ক্ষমতায়নের মাধ্যমে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা অর্জন করবে; সেটা পরিবার হোক বা হোক সমাজ। সে জন্যই নারীদের এ কার্যক্রমে আমরা সহায়তা করছি। আর নারীরা সব বাধা অতিক্রম করে লক্ষ্যে এগিয়ে চলেছে।’

জানতে চাইলে মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, ‘নারী শুধু রান্নাঘর আর সংসার সামলাবে—এ দিন তো শেষ। এখন নতুন দিনের শুরু। আমার স্ত্রী নারজিনা বেগম সোনাইলতলা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নারীর অধিকার নিয়ে বড় বড় কথা না বলে সত্যিকার অর্থেই তাদের কাজ করার সুযোগ দেওয়া উচিত।’