সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে না পারা জীবনের বড় দুঃখ: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে না পারা জীবনের একটি বড় দুঃখ বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে জাতীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এর আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১।
অর্থমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করেছে। কিন্তু আমেরিকার গণমাধ্যম, শিল্পী, সাধারণ মানুষ আমাদের পক্ষে ছিল। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরিতে আমি ৪০টি রাজ্যে ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা বলেছি।’
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুরু। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করতে গিয়ে মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময় সুন্দরবনের গহিনে উঁচু জায়গায় নারীদের জন্য একটি ক্যাম্প তৈরি করি; বাচ্চাসহ নারীরা সেখানে থাকতেন। সেখানে প্রতি রাতে বাঘ এসে হুংকার দিত; কিন্তু কাউকে আক্রমণ করেনি। নারীদের ট্রেনিংও দেওয়া হয়। একদিন স্পিডবোটে যুদ্ধক্ষেত্রে রওনা দেওয়ার সময় এক নারী সাত মাসের বাচ্চা রেখে বোটে লাফিয়ে লাফিয়ে ওঠেন যুদ্ধে যাওয়ার জন্য।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না। মুক্তিযুদ্ধ ছিল এ দেশের সাধারণ মানুষের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ। দীর্ঘ বঞ্চনা, শোষণের ফলাফল এই যুদ্ধ। আমাদের পাটের টাকায় করাচি উন্নত করে পাকিস্তানিরা আমাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক ভাবত। পাকিস্তান পার্লামেন্টে আমরা বৈষম্যের শিকার হয়েছি এবং সেনাবাহিনীতে অস্তিত্ব ছিল না বললেই চলে।’
বক্তারা আরও বলেন, পাকিস্তানিদের বিপক্ষে প্রথম প্রতিরোধের ঘটনাটি ঘটে ১৯ মার্চের বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহের মধ্য দিয়ে; যদিও বিষয়টি তেমন আলোচিত নয়। পাশাপাশি, মুক্তিযুদ্ধে নারীরাও অনেক ভূমিকা রেখেছেন।
আক্ষেপ প্রকাশ করে সংগঠনটির মহাসচিব মুক্তিযোদ্ধা হারুন হাবীব বলেন, ‘আমরা এখানে মুক্তিযুদ্ধের গল্প বলতে এসেছি। অথচ গ্রামের যেসব পরিবারের লোকগুলো নিজেরা না খেয়ে আমাদের খাইয়েছে, থাকতে দিয়েছে; দেশ স্বাধীন হওয়ার পরে আর তাদের খোঁজ নিতে যাই না।’
স্কুলের শিক্ষার্থীরা উৎসুকভাবে মুক্তিযুদ্ধের গল্প শোনে। তাদের মুহুর্মুহু করতালিতে অন্য রকম এক আবহের সৃষ্টি হয় মিলনায়তন জুড়ে। এতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় ছয় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল আলম শহীদ, ভাইস চেয়ার লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী ও আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন বুলবুল মহালনবিশ ও তাঁর সহযোগীরা।