বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বান্দরবান কার্যালয়ের সমন্বয় কর্মকর্তা সাইফুল হককে চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হবে বলে জানা গেছে।
শিক্ষার্থী ও বাউবির বান্দরবান জেলা সমন্বয় কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেন, সাইফুল হক ২০১২ সালে জেলা কার্যালয়ে যোগদান করেন। এর পর থেকে শিক্ষার্থীদের কাছ থেকে তিনি অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। সর্বশেষ ২০১৩-১৪ শিক্ষাবর্ষে এইচএসসিতে ভর্তির সময় দুই শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে তিনি অতিরিক্ত এক হাজার টাকা করে আদায় করেন।
রোয়াংছড়ির ক্যথুই নু মারমা ও বান্দরবান সদর উপজেলার মেসানু মারমা অভিযোগ করেন, সাইফুল তাঁদের ২৬ জন বিএ ও বিএসএস শিক্ষার্থীর কাছ থেকে আট হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু টাকা নিয়েও তিনি নিবন্ধনের প্রক্রিয়া শেষ করেননি।
নাম প্রকাশ না করার শর্তে বাউবির বান্দরবান কার্যালয়ের কয়েকজন কর্মচারী বলেন, সাইফুল হককে ঢাকার ভাইস চ্যান্সেলরের দপ্তরে ডাকা হয়েছে। এর পর থেকে তিনি অফিসে আসেননি। তিনি চলে যাওয়ার পর ওই ২৬ জন পরীক্ষার্থীসহ বিএ-বিএসএসের শিক্ষার্থীদের তালিকা ও বেশ কিছু নথিপত্র পাওয়া যাচ্ছে না।
অভিযোগ অস্বীকার করে সাইফুল হক বলেন, যাঁরা নিবন্ধন ছাড়া পরীক্ষা দিয়েছেন, তাঁদের নিবন্ধন পরে করে নেওয়া যাবে। ই-মেইলে যোগাযোগ বিভ্রাটের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
বাউবির আঞ্চলিক পরিচালক মো. আজিজুল হক বলেন, সাইফুলের বিরুদ্ধে শিক্ষার্থীরা অতিরিক্ত টাকা আদায়, হয়রানি ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ করেছেন। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।