সরিয়ে ফেলা হচ্ছে সেসব বিলবোর্ড

রাজধানীর বিভিন্ন জায়গা থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড-সংবলিত ‘বেনামী’ বিলবোর্ডগুলো সরিয়ে ফেলা হচ্ছে। এখন পর্যন্ত রাজধানীর বিজয় সরণি, পান্থকুঞ্জসহ পাঁচটি জায়গা থেকে বিলবোর্ড সরানো হয়েছে। তবে কার নির্দেশে বিলবোর্ডগুলো সরানো হচ্ছে, সেটা স্পষ্ট করেনি আওয়ামী লীগ।
রাজধানীতে সরকারের উন্নয়ন সংবলিত বিলবোর্ড সরানো হচ্ছে কি-না জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘দুই-একদিনের মধ্যেই সব বিলবোর্ড সরিয়ে ফেলা হবে। কারণ যে কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি ছিল তাঁর মেয়াদ দুই-একদিনের মধ্যেই শেষ হবে।’
বিলবোর্ড সরানোর বিষয়ে বাংলাদেশ বিলবোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা খবর পেয়েছি, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিলবোর্ড সরিয়ে ফেলা হচ্ছে। আমরা জানতাম, তারা সরাবে। কারণ, অধিকাংশ জায়গায় অবৈধভাবে এই বিলবোর্ড দেওয়া হয়েছে।’
পান্থকুঞ্জে বিলবোর্ডের ব্যানার সরানোর দায়িত্বে থাকা কয়েকজন কর্মী সাংবাদিকদের বলেন, ‘আমাগো মালিকরা কইছে বিলবোর্ড সরাইতে। আমরা কাজ করতাছি।’ তাঁরা জানান, আজও রাজধানীর বিভিন্ন পয়েন্টের বিলবোর্ড থেকে ব্যানার সরিয়ে ফেলা হবে।
বিলবোর্ড সরিয়ে ফেলার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘কার নির্দেশে বিলবোর্ড সাঁটানো আর কার নির্দেশে সেগুলো সরানো হচ্ছে, সেটা আমি জানি না।’ তিনি বলেন, এগুলো সরানো হচ্ছে কেন, ভালোই তো লাগছিল!
এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘শুধু বিলবোর্ড নয়, সরকারের সফলতা তুলে ধরতে যোগাযোগের সব মাধ্যম ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে পথসভা, লিফলেট, পোস্টারসহ সব ধরনের প্রচারযন্ত্রের সহযোগিতা নেওয়া হবে।’