সরিষাখেতে মধুর চাষ কৃষকের বাড়তি লাভ
একদিকে ফলন বৃদ্ধি, অন্যদিকে বাড়তি লাভ মধু। আর রবিশস্য সরিষার সঙ্গে মৌমাছি পালন করে মধু চাষ জনপ্রিয় হয়ে উঠছে নড়াইল জেলায়। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় চলতি বছরে জেলায় সরিষাখেতে মধু চাষের এমন ১৩টি খামার গড়ে তোলা হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষায় বাম্পার ফলনের পাশাপাশি মধু বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন কৃষকেরা।
সরিষাখেতে মৌখামার করে মধু চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখছে স্থানীয় কৃষি বিভাগ। কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস বলেন, সরিষাখেতে মৌমাছি থাকলে তা স্বাভাবিকের চেয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ ফলন বাড়ে। কারণ হিসেবে তিনি জানান, মৌমাছি সরিষার ফুলে যে পরাগায়ন ঘটায় তাতে সরিষার দানা ভালো হয় এবং ফলনও বাড়ে। যে সরিষাখেতে মৌমাছি নেই সেখানে সরিষার ফলন কম হয়।
এ বছর কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলায় ১০টি মৌখামারে দুই হাজারের বেশি মধু সংগ্রহের বাক্স গড়ে তুলেছেন কৃষকেরা। ওই কর্মকর্তা আরও জানান, এই এলাকায় আগে এভাবে মধু চাষের প্রচলন ছিল না। গত বছর রোস্তম আলী নামের এক কৃষক সরিষাখেতে মধু চাষ করে লাভবান হয়েছেন। ওই খামার দেখে অনেকেই মধু চাষে আগ্রহী হন। সরিষাখেতে মধু চাষ ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হলে সরকারিভাবে কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি, পুঁজির জোগান, আধুনিক যন্ত্রপাতি এবং মধু বিপণনের ব্যবস্থা করতে হবে। মূলত পৃষ্ঠপোষকের অভাবে সরিষাখেতে মধুর খামার করতে পারছেন না কৃষক। তা ছাড়া, ওই খামার যে ব্যাপক লাভজনক সেটাও জানেন না অনেক কৃষক।
সদর উপজেলার আগদিয়া গ্রামের কৃষক শমশের আলী বলেন, ‘উপজেলার আউড়িয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আকবর শেখের কাছ থেকে মৌখামারের ওপর প্রশিক্ষণ নিয়ে নিজের সরিষাখেতের পাশে মৌখামারে ১৫টি বাক্স বসিয়েছি। গত বছর ১২ হাজার টাকার মধু বিক্রি করেছি। আমার দেখাদেখি অনেক কৃষক মৌখামার গড়ে তুলেছেন।’
লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের দড়ি মিঠাপুর গ্রামের কৃষক ইদ্রিস আলী বলেন, চার বছর ধরে তিনি তাঁর সরিষাখেতের পাশে ২৫টি মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহ করে আসছেন। গত বছর তিনি খেত থেকে বাড়তি ২৮ হাজার টাকার মধু বিক্রি করেছেন।
নড়াইল কৃষি অধিদপ্তরের উপপরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলার তিনটি উপজেলায় যে পরিমাণ জমিতে সরিষার চাষ হয়ে থাকে তার অর্ধেক চাষ হয় লোহাগড়া উপজেলায়। লোহাগড়া উপজেলার কৃষকদের সরিষাখেতে মৌখামার বসানো দেখে অন্যান্য উপজেলার কৃষকেরা তাঁদের সরিষাখেতের পাশে মৌবাক্স বসিয়ে মধু বিক্রি করে লাভবান হচ্ছেন। তিনি বলেন, জেলায় এ বছর প্রায় দেড় হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।