সড়ক দুর্ঘটনায় জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার মাধবী খাতুন (৭) নামে এক শিশু এবং চাঁদপুরের শাহ্রাস্তিতে বৃহস্পতিবার রাতে তাফাজ্জল হোসেন (৪২) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন।
এলাকাবাসীর কয়েকজন ও পুলিশ সদস্য জানান, দুপুরে সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কের করবাড়ী এলাকায় যাত্রীবাহী একটি বাস মাধবীকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। মাধবী করবাড়ীতে নানা জুলহাস উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার সিরনগাজি গ্রামে।
তাফাজ্জলের পরিবারের সদস্যরা জানান, তাফাজ্জল ওই দিন রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত ১২টার দিকে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের চেঙ্গাচল এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তাফাজ্জল মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশের খালে পড়ে যান। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। তাফাজ্জলের বাড়ি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের চেঙ্গাচল গ্রামে।
এ ঘটনায় মোটরসাইকেলচালক আজিজ উল্যাহর একটি পা ভেঙে গেছে।
আজিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।