সরিষাবাড়ীতে নন-ওয়েজ প্রকল্পের আট লাখ টাকা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর আটটি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নন-ওয়েজ প্রকল্পের কাজ না হওয়ায় তিন মাস পর গত মঙ্গলবার আট লাখ টাকা মন্ত্রণালয়ে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে উপজেলার ওই আটটি ইউনিয়নের জন্য গত জুন মাসের শুরুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান, কর্মসূচি’র আওতায় নন-ওয়েজ প্রকল্প গ্রহণ করা হয়। এতে কাজ করার জন্য ১৪ লাখ ২৮ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ টাকা দিয়ে সাতপোয়া, কামরাবাদ, মহাদান, আওনা, পিংনা, ডোয়াইল, ভাটারা ও পোগলদিঘা ইউনিয়নের রাস্তার মাটি কাটা, কালবার্ড ও পেলাসাইটিং কাজ করার কথা ছিল। এ জন্য প্রথম ধাপে কাজ শুরু করার আগে সাত লাখ ১৪ হাজার ৪০০ টাকা প্রকল্পের সভাপতিদের দেওয়া হয়। প্রকল্পের অর্ধেক কাজ হলে বাকি টাকা দেওয়া হবে বলা হয়। ইউনিয়নগুলোর ১৯টি প্রকল্পের কাজ গত ৩০ জুনের মধ্যে শেষ করার কথা। কিন্তু কাজ না হওয়ায় পরে টাকা আর দেওয়া হয়নি। তাই আট লাখ টাকা মন্ত্রণালয়ে ফেরত দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু পোগলদিঘা ইউনিয়নে সরেজমিনে দেখা যায় একমাত্র ওই ইউনিয়নেই কাজ হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন বলেন, ‘শুধু আমার ইউনিয়নেই দুই লাখ ৫৬ হাজার ৮০০ টাকার প্রকল্পের কাজ হয়েছে।’
ডোয়াইল ইউনিয়ন পরিষদ সদস্য ও একটি প্রকল্পের সভাপতি হুমায়ূন কবীর বলেন, ‘প্রকল্পের কাজ করিনি, তাই টাকা ফেরত গেছে।’
ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ বলেন, ‘আমার ইউনিয়নে চারটি প্রকল্পের জন্য দুই লাখ ১১ হাজার ২০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইউপি সদস্যরা কাজ না করায় টাকা ফেরত দেওয়া হয়েছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হামিদুল হক বলেন, ‘এই উপজেলায় আমি নতুন। কাজ হয়েছে কিনা জানি না। শুনেছি টাকা ফেরত গিয়েছে।’