সরিষাবাড়ীতে পানিতে পড়ে চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার পৃথক ঘটনায় তিন ঘণ্টার ব্যবধানে বন্যার পানিতে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
শিশু চারটি হলো উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামের টুকন মিয়ার দেড় বছরের শিশুপুত্র স্বাধীন, ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের সুমন মিয়ার দুই বছরের শিশুকন্যা সাদিয়া, কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের আলাল উদ্দিনের দেড় বছরের শিশুপুত্র রাহাত আলী ও ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের খোরশেদ মিয়ার দুই বছরের শিশুপুত্র শান্ত। স্বাধীন, সাদিয়া ও রাহাত উপজেলার ঝিনাই নদের বানের পানিতে এবং শান্ত সুবর্ণখালী নদীর বানের পানিতে ডুবে মারা যায়।
স্বাধীনের পরিবার জানায়, স্বাধীন গতকাল বেলা দুইটার দিকে বাড়ির পাশে খেলছিল। এ সময় সবার অজান্তে একটু দূরেই অবস্থিত নদীর পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা টুকন মিয়া বলেন, ঝিনাই নদের পানি বৃদ্ধি পাওয়ায় তাঁদের বাড়ির একেবারে কাছে বানের পানি চলে এসেছে। তাঁরা কাজে ব্যস্ত থাকায় স্বাধীন কখন পানিতে পড়ে যায়, কেউ টের পাননি।
সাদিয়ার পরিবার সূত্র বলেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের সুমন মিয়ার শিশুকন্যা সাদিয়াও গতকাল খেলছিল বাড়ির পাশেই। ছোট্ট সাদিয়া হাঁটতে হাঁটতে কখন বাড়ির পাশে চলে আসা বন্যার পানিতে পড়ে যায়, তা খেয়াল করেনি কেউ। বেলা তিনটার দিকে অনেক খোঁজাখুঁজি করে পাশের ঝিনাই নদে তার নিথর দেহ পাওয়া যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ বলেন, শিশু সাদিয়া বন্যার পানিতে ডুবে মারা গেছে।
ঝিনাই নদের পানিতে ডুবে একইভাবে মৃত্যু হয়েছে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের আলাল উদ্দিনের শিশুপুত্র রাহাত আলীর। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সবার অজান্তে সে পাশের বাড়ির কাছে বন্যার পানিতে ডুবে মারা যায় বলে তার পরিবার জানায়।
রাহাতের চাচা বায়েজিদ বলেন, রাহাত বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
আর উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের খোরশেদ মিয়ার শিশুপুত্র শান্ত মারা গেছে সুবর্ণখালী নদীর বানের পানিতে। গতকাল বিকেল পাঁচটার দিকে সে বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবেই শিশু চারটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার আসাদুজ্জামান। কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সোহেল মাহমুদ নবী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু চারটির মৃত্যু হয়। লাশগুলো পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।